রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরি দুর্গামন্দিরে। সেও আবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। চুরি হয়েছে দেবীর সোনার অলঙ্কার ও প্রনামী বাক্সের টাকা, ক্লাবের আলমারির লোকার থেকেও চুরি হয়েছে নগদ টাকা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লিচুতলা দুর্গা মন্দিরে।
রায়গঞ্জ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য এই মন্দিরে সারাবছরই দেবী দুর্গার পূজা হয়ে থাকে। ফলে দশমীতে বিসর্জন দেওয়ার রীতি এখানে নেই। তাই সারাবছরই সোনার অলঙ্কার দেবীর শোভা বৃদ্ধি করে। আজ সকালে মন্দিরের পুরোহিত পূজা করতে এসে দেখতে পান মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপরেই মন্দিরের কর্মকর্তাদের খবর দেওয়া হলে চুরির ঘটনাটি সামনে আসে।
পূজা কমিটির কর্মকর্তা শিবপ্রসাদ দাস জানিয়েছেন, মন্দিরের পুরোহিত আজ পূজা দিতে এসে দেখেন তালা ভাঙা, মায়ের অলঙ্কার নেই। আমি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। মন্দিরের চুরির ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।